নারায়ণগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে কাভার্ড ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর বিক্রমপুর আবাসিক বোর্ডিংয়ের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত কাভার্ড ভ্যানচালক ফরিদুল হাসান (৫৮) নোয়াখালীর সোনাইমুড়ী থানার রথিভূইয়া এলাকার বাসিন্দা ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন শাহ পারভেজ জানান, ফরিদুল হাসান গত শুক্রবার রাতে নিজের কাভার্ড ভ্যানটি কাঁচপুর সেতুর পূর্বপাশে রেখে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বিক্রমপুর হোটেলে ছিলেন। ওই হোটেলে রাত্রিযাপনের বিষয়টি তিনি মুঠোফোনে পরিবারকেও জানিয়েছিলেন। রাত ১টার পর পরিবারের সদস্যরা তাকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। গতকাল ভোরে তার ছেলে ইমন ও চাচাত ভাই মাহফুজ ওই হোটেলে এসে ম্যানেজারকে ছবি দেখান। ওসি আরও জানান, হোটেল ম্যানেজার তাদের ফরিদুলের কক্ষের সামনে নিয়ে যান। ডাকাডাকি করলে দরজা না খোলায় ম্যানেজার পুলিশকে ঘটনা জানান। পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।