এফ আর টাওয়ারের বর্ধিতাংশের মালিক বিএনপি নেতা তাসভির আটক

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার রাত পৌনে ১০টার দিকে তাসভির উলের বারিধারার বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির উপ কমিশনার (উত্তর) মশিউর রহমান বিষয়টি জানিয়েছেন। তাসভির উল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

এর আগে দুপুরে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ২১ তলাবিশিষ্ট বনানীর এফ আর টাওয়ারের নয়তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১ ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে।

পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা যান।