বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন নিয়ে হাছান মাহমুদ

প্রচার বন্ধে ব্যবস্থা পহেলা এপ্রিল থেকে

বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার বন্ধে আগামীকাল পহেলা এপ্রিল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আইন অনুযায়ী বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র (বিজেসি) আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘কিছু বিদেশি চ্যানেল বাংলাদেশে জনপ্রিয় হওয়ায় এদেশের কিছু প্রতিষ্ঠান সেই চ্যানেলগুলোতে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করছে। এতে দেশি টিভি চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইনের প্রয়োগ হলে দেশের টিভি চ্যানেলগুলো বছরে ৩০০ থেকে ৫০০ কোটি টাকার ব্যবসা পাবে।’

বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের ব্যাপারে কেব্ল অপারেটরদের সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার এ বিষয়ে ইতোমধ্যে তিন দফা নোটিস জারি করেছে। আগামীকাল আরও এক দফা নোটিস দেওয়া হবে। এরপরও তারা যদি বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করা বন্ধ না করে তাহলে পহেলা এপ্রিল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের রেজওয়ানুল হক রাজা। এতে আলোচক হিসেবে অংশ নেন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, নিউজ-২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিইও নুরুল আলম ও গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।