শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মাতাল অবস্থায় গাড়িয়ে চালিয়ে দুর্ঘটনা ঘটান এই ওপেনার।
বোরেলা পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে একটি তিন চাকার যানকে ধাক্কা দেয় করুনারত্নের গাড়ি। এতে গুরুতর আহত ড্রাইভারকে হাসপাতালে নিতে হয়।
করুনারত্নেকে অবশ্য পরে ছেড়ে দেওয়া হয়। তবে সোমবার করুনারত্নেকে কোর্টে হাজির হতে হবে। লঙ্কান ক্রিকেটারের গাড়িটি অবশ্য আটক করা হয়েছে।
এমন একটা সময়ে করুনারত্নে বাজে খবরে শিরোনাম হলেন, যখন কিনা ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে তাকেই শ্রীলঙ্কা দলের অধিনায়ক ভাবা হচ্ছিল।
কিছুদিন আগেই করুনারত্নের নেতৃত্বে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কানে নেতৃত্ব দেন তিনি।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ঘটনার তদন্ত করবে তারাও। সে ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চুক্তির নিয়ম অনুযায়ী শাস্তি পেতে পারেন করুনারত্নে।
শ্রীলঙ্কার হয়ে ৬০টি টেস্ট ও ১৭ টি ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী করুনারত্নে। ২২টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি সহ টেস্টে তার রান ৪০৪৭। ওয়ানডেতে ১৩ ইনিংসে রান ১৯০, রয়েছে একটি ফিফটি।