দেশের বাজারে যাত্রা শুরু করল চীনের লুব্রিকেন্ট অয়েল ব্র্যান্ড সাইনোপেক। জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তত্ত্বাবধানে এ লুব্রিকেন্ট দেশের বাজারে ছাড়া হবে। রাজধানীর একটি হোটেলে শনিবার এ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারপারসন চৌধুরী মানারাত মাহফুজা, ম্যানেজিং ডিরেক্টর নাফিউর রহমান, প্রধান উপদেষ্টা চৌধুরী মনির উদ্দিন মাহফুজ, সাইনোপেক লুব্রিকেন্ট কোম্পানির ভাইস চিফ এক্সিকিউটিভ প্রফেসর কোউ জিয়ানচাও প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তত্ত্বাবধানে বাংলাদেশে চীনের লুব্রিকেন্ট অয়েল ব্র্যান্ড সাইনোপেক বাজারজাত করার জন্য ধন্যবাদ জানাই। কারণ বাংলাদেশে এর বাজার রয়েছে। তবে গুণগত মান ঠিক রেখে দেশে বাজারজাত করতে হবে। আর এটা করা গেলে বাংলাদেশ সাইনোপেকের একটি বড় বাজারে পরিণত হবে। বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি আর বলেন, চীন বাংলাদেশের বৃহৎ উন্নয়ন অংশীদার ও দীর্ঘদিনের বন্ধু। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চীনের বড় বড় বিনিয়োগ রয়েছে। তাই তাদের এ দেশে ব্যবসাকে স্বাগত জানাই।
জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রধান উপদেষ্টা চৌধুরী মনির উদ্দিন মাহফুজ বলেন, আজ থেকে চীনের বিশ্ব বিখ্যাত লুব্রিকেন্ট সাইনোপেক বাংলাদেশের বাজারজাত শুরু হয়েছে। আশা করি দেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের লুব্রিকেন্ট তুলে দিতে পারব।