নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার ডুবির ঘটনায় আনসার সদস্য রিতা খাতুনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
এঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দিন ও নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে আনসার সদস্য রিতার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পাগলা কোস্টগার্ড কর্তৃপক্ষ।
এর আগে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে রোববার সন্ধ্যা ৬টার দিকে ঝড়ের কবলে পড়ে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী ট্রলারটি।
ট্রলারটি ডুবে গেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন পুলিশ সদস্যসহ ১৫ জন। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তিনজন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম ট্রলারযোগে নারায়ণগঞ্জ ফিরছিলেন। তখন এ দুর্ঘটনা ঘটে।