সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। গত রবিবার মধ্যরাতে ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
সোমবার সিলেট জেলা পুলিশের এএসপি রাশেদুল ইসলাম ও গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্র জানায়, রবিবার রাতে লুৎফুর রহমান তার শেখপুর গ্রামের বাড়িতে একা ছিলেন। মধ্যরাতে ১৪-১৫ জন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে তাকে মারপিট করে বাথরুমে আটকে রাখে। এরপর ডাকাতদল স্টিলের আলমিরা ভেঙে নগদ ২ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন সেটসহ মালামাল লুট করে নেয়। ডাকাতরা চলে গেলে প্রতিবেশীরা এসে লুৎফুর রহমানকে বাথরুম থেকে উদ্ধার করেন।
গোলাপগঞ্জ থানার ওসি জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।