মোহাম্মদপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ইলা শারমিন (২৯) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে মোহাম্মদপুর থানা-পুলিশ।

এদিকে, ইলা শারমিন দীপ্ত টেলিভিশনের সাংবাদিক বলে খবর ছড়িয়ে পড়লেও, পরে খোঁজ নিয়ে জানা যায় তথ্যটি সঠিক নয়। দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ বলছে এই নামে তাদের কোন কর্মী নেই। দীপ্ত টিভির অভ্যর্থনা বিভাগের কর্তব্যরত কর্মকর্তা সাঈদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘এই নামে আমাদের কোন কর্মকর্তা কর্মচারী নেই। ওই নারীও আমাদের স্টাফ কখনো ছিলেন না।’

মোহাম্মদপুর থানার এসআই সানাউল হক জানান, ঢাকা উদ্যানের ব্লক-৬-এর ৪ নম্বর রোডের ১২ নম্বর বাসা থেকে ইলা শারমিন নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর বাবার নাম শেখ সাহেদ আলী ও মা আলেয়া বেগম। রাতে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইলা। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করা হবে।