কাশিয়ানীর বারুণী স্নানোৎসব মেলা আজ শুরু

লাখো ভক্তের সমাগমে গোপালগঞ্জের কশিয়ানীতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮তম জন্মতিথির স্নানোৎসব ও মহা-বারুণীর মেলা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, স্নানোৎসব এবং মেলা কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিন সকাল সোয়া ৯টায় হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি ও স্নানোৎসব কমিটির সভাপতি হিমাংশুপতি ঠাকুর স্নানোৎসবের শুভ উদ্বোধন করবেন। স্নান চলবে আগামীকাল বুধবার বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত। এদিন লাখো মঁতুয়া ও হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা এখানে স্নান করবেন পাপ মোচনের আশায়। স্নানোৎসব উপলক্ষে ঠাকুরবাড়ির আশপাশে বসেছে মহাবারুণীর মেলা। মেলা চলবে তিন দিন।

মেলায় কুটিরশিল্পের সামগ্রী, বিভিন্ন খেলনা, মাটির জিনিস, বাঁশের জিনিস, খাদ্যসামগ্রী বিক্রি এবং নাগর দোলনাসহ শিশুদের বিনোদনের জন্য থাকে নানা আয়োজন। হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি ও কাশিয়ানী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুব্রত ঠাকুর জানিয়েছেন, পার্শ্ববতী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মঁতুয়া ভক্তরা এ স্নানোৎসবে যোগ দেবেন।