ভালুকায় সংবাদ সম্মেলন

এমপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদ নির্বাচনে ‘ব্যাপক কারচুপিতে স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা ও নির্বাচন-উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পাশবিক নির্যাতন’-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন এলাকার আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মীর ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে আনারস প্রতীকের সমর্থকরা। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরামের নেতাদের প্রতি আবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শওকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক, আবদুর ওয়াদুদ মিয়া, আজিজুল হক সরকার প্রমুখসহ স্থানীয় সংবাদকর্মীরা। তিনি আরও বলেন, সংসদ সদস্য কাজিমউদ্দিন আহাম্মেদ বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের বিরুদ্ধে করা সন্ত্রাসী মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে আনারস প্রতীককে নির্বাচিত করার কলাকৌশল অবলম্বন করেছেন। তবে সংসদ সদস্য কাজিমউদ্দিন আহাম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনের সময় আমি এলাকায় ছিলাম না এবং কোনো ভাঙচুরের ঘটনাও আমার জানা নেই।’