গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদন

‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৯’ এবং ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, আইনের খসড়াটি হুবহু রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আইনের মতো। ওটাকে ফলো করা হয়েছে। এখানে কতগুলো জিনিসকে অপরাধ হিসেবে মনে করা হয়েছে। ইমারত নির্মাণ, জলাধার খনন, উঁচু ভূমি ইত্যাদির বিষয়ে যে বিধিনিষেধ আছে তা অমান্য করলে অপরাধ হবে। অননুমোদিত নির্মাণাধীন স্থাপনা অপসারণ ও এতে বসবাসকারীদের উচ্ছেদের বিধান রয়েছে। নিম্নভূমি ভরাট করলেও শাস্তির ব্যবস্থা আছে। খেলার মাঠ, উন্মুক্ত মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন করাও শাস্তিযোগ্য অপরাধ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন অন্যান্য কৃষি বিশ^বিদ্যালয় আইনের মতোই। এ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে তিনটি অনুষদ থাকবে।