রাজধানীর খিলগাঁও বাগানবাড়ি এলাকায় গতকাল সোমবার বিকালে পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত বিবেক মন্ডল (১৩) ঢাকা মডেল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
বিবেক ম-লের বাবা বিশ্বজিৎ মন্ডল পেশায় ইলেকট্রিশিয়ান, মা কাকলী মন্ডল গৃহিণী। তাদের বাসা মধ্য নন্দিপাড়া বটতলা ২নং স্কুল রোড। বিবেক মা-বাবার একমাত্র সন্তান।
খিলগাঁও থানার এসআই খোরশেদ আলম জানান, বাগানবাড়ি ডেমরা লিংক রোড দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল বিবেক। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত বিবেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। দেশ রূপান্তরের মেডিকেল প্রতিনিধি জানান, বিশ্বজিৎ মন্ডল ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। এরপর তাকে পাগলপ্রায় দেখাচ্ছিল। তার আহাজারিতে সেখানে হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়।
এদিকে দিনাজপুর সদর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে লুৎফর রহমান (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ৯নং আউলিয়াপুর আস্করপুর ইউনিয়নের খসরু পাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি তাজপুর নতুনপাড়ার মৃত বদু মোহাম্মদের ছেলে। এদিন সকালে নড়াইলে ট্রলিচাপায় আট বছরের এক শিশু, নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশা
চাপায় এক কিশোর নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে-
দিনাজপুরের ঘটনায় কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, সকালে ফজরের নামাজ শেষে ব্যায়াম করতে বের হন লুৎফুর, মসির উদ্দীন (৬৮) ও মুদি দোকানদার সাইদুর রহমান (৫৫)। এ সময় তাজপুর খসরুপাড়া রাস্তার মোড়ে পেছন থেকে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই লুৎফর মারা যান। অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে নড়াইল সদর থানার এসআই রেজাউল করিম জানান, গতকাল সকাল ৯টার দিকে পৌরসভার বরাশুলা এলাকায় মাটিবহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয় ওই গ্রামের কৃষক বশির মোল্যার ছেলে রায়হান (৮)। স্থানীয়রা দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, উপজেলার মহিষশুড়া ভাঙাব্রিজের কাছে দুপুর আড়াইটার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আজিজুর রহমানকে (১১) দ্রুতগামী একটি অটোরিকশা চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিজুর মহিষশুড়া গ্রামের নাজিমউদ্দিনের ছেলে।