লক্ষ্মীপুর সদরে ডাকাতিকালে বাধা দেওয়ায় ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিনে (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। সোমবার গভীর রাতে উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেহ উদ্দিন কুশাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ পাটওয়ারীর ভাই ও নোয়াখালির আন্ডারচরের চৌধুরী বাজারের গরুর মাংস ব্যবসায়ী।
আহতরা হলেন- নিহতের বাবা দুদু পাটওয়ারী (৭৫), মা আয়েশা বেগম (৬০), ভাই মিলন হোসেন (৩০) ও ছেলে আরমান হোসেন (১৩)। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিতে নিহত মোসলেহ উদ্দিনের ছেলে হসপিটালে আহত আরমান হোসেন জানান, রাত দুইটায় মুখোশ পরিহিত একদল ডাকাতদল তাদের ঘরে ঢুকে সবাইকে বেঁধে বেদম মারধর করে। কিছুক্ষণ পরে তার বাবা মোসলেহ উদ্দিন নোয়াখালীর চৌধুরী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে এসে বুঝতে পারেন ডাকাতির বিষয়টি।
তিনি ডাকাতদলের লোক দেখেই চিৎকার দিয়ে ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় মোসলেহ উদ্দিন ও আহতদের সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য মোসলেহ উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ডাকাতি ও গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মফিজ উদ্দিন জানান, রাতে ডাকাতদের গুলিতে মোসলেহ উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ৪ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি।