বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের জি নেটওয়ার্কের সব টিভি চ্যানেল। এর মধ্যে রয়েছে জনপ্রিয় চ্যানেল জি বাংলা, জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভি।
একটি ইংরেজি দৈনিককে খবরটি নিশ্চিত করেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
জানা গেছে, সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে।
এদিকে শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। ১ এপ্রিল থেকে কেউ যদি তা করে, তাহলে আইন প্রয়োগ করা হবে।
এছাড়া বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক সংস্থা নেশনওয়াইড মিডিয়া লিমিটেড ও জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর উপধারা-১৯ (১৩) এর বিধান লঙ্ঘন করেছে এই সংস্থা দুটি।
পূর্ব ঘোষণা অনুযায়ী এ বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর সোমবার তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ নোটিশ জারি করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে দেশীয় টিভি চ্যানেলগুলো লোকসানে পড়ছে বলে দাবি জানিয়ে আসছিলেন দেশের টিভি চ্যানেলের মালিকেরা।