সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ি দিয়েছে দেশটি। এছাড়া কর্তৃপক্ষ তাদের প্রতি মাসে কয়েক হাজার ডলারও দিচ্ছে।
সোমবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
সৌদি সরকারের সমালোচক খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। এখনো তার লাশ পাওয়া যায়নি।
সৌদি আরব থেকে ১৫ সদস্যের একটি হিট স্কোয়াড সেখানে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা মনে করা হয়।
ওয়াশিংটন পোস্ট জানায়, “খাশোগির পরিবারে সঙ্গে সৌদি সরকারের সমঝোতায় পৌঁছানোর অংশ হিসেবে তার দুই ছেলে ও দুই মেয়েকে এই অর্থ দেওয়া হচ্ছে।”
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাটি আরও জানায়, বন্দর নগরী জেদ্দায় খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দেওয়া হয়েছে।
খাশোগির বড় ছেলে সালেহ সৌদি আরবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্য সন্তানদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের বাস করছেন, তারা সৌদি আরবে তাদের বাড়ি বিক্রি করে দেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, খাশোগির সন্তানরা প্রতি মাসে ১০ হাজার ডলার বা এককালীন প্রত্যেকে এক কোটি ডলার করে পেতে পারেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জামাল খাশোগি। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের এই কলামিস্ট।
শুরুতে অভিযোগ অস্বীকার করে সৌদি। তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসে’র মুখে ১৯ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। যদিও এর সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করে।