শুধু ব্যাটিং করেই ম্যাচ জিতল মোহামেডান!

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার শুধু ব্যাটিং করার পরই জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

সাভারের বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান। কিন্তু মোহামেডানের ইনিংসের পর বৃষ্টি হানা দেয়। বৃষ্টি থামার পর ম্যাচ শুরুর নতুন সময় নির্ধারিত হলেও খেলতে অস্বীকৃতি জানায় ব্রাদার্স। পরে ম্যাচ রেফারি জয়ী ঘোষণা করে মোহামেডানকে।

এদিন টস জিতে মোহামেডানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ব্রাদার্স। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৬ রানের পুঁজি গড়ে মোহামেডান। ওপেনার অভিষেক মিত্র ৬৮, ইরফান শুকুর ৯২, রকিবুল হাসান ৫০ ও সোহাগ গাজী অপরাজিত ৪৩ রান করেন।

ব্রাদার্সের পক্ষে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ ও সাজেদুল ইসলাম।

কিন্তু মোহামেডানের ইনিংসের পর বেলা ১টা ৩০ মিনিটে বৃষ্টি হানা দেয়, থামে ২ টা ৩৫ মিনিটে। ম্যাচ রেফারি ও আম্পায়ার মাঠ পরিদর্শনের পর ম্যাচ শুরুর নতুন সময় নির্ধারণ করেন ৪টা ৬। বৃষ্টি আইনে ব্রাদার্সের সামনে লক্ষ্য বেঁধে দেওয়া হয় ২০ ওভারে ১৭৪ রান।

কিন্তু সেই সময়ে মোহামেডান মাঠে নামলেও ব্রাদার্স মাঠে নামেনি। ৯ মিনিট অপেক্ষা করার পর আম্পায়ার ও ম্যাচ রেফারি খেলা সমাপ্ত ঘোষণা করে।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কর্মকর্তা আমিন খান দেশ রূপান্তরকে বলেছেন, ৪টা ৩ মিনিটে তাদের জানানো হয় মাঠে নামার কথা। আর আগে হবে কি হবে না এমন কিছুই নিশ্চিত করে জানানো হয়নি। হলেও কত ওভারে কি সমীকরণ দাঁড়াবে কিছুই নিশ্চিত করা হয়নি। এ অবস্থায় ব্রাদার্সকে কোনো সময় দেওয়া হয়নি বলে অভিযোগ এই কর্মকর্তার।

এ ছাড়া উইকেটও খেলার অনুপযুক্ত ছিল বলে দাবি করেছেন আমিন খান। তারা সিসিডিএমে বিষয়টি নিয়ে আপিল করবেন বলে জানিয়েছেন।