হত্যার শিকার সাংবাদিক জামাল খাশোগির চার সন্তানকে বসবাসের জন্য বিলাসবহুল বাড়ি এবং মাসিক অর্থ দেওয়ার বন্দোবস্ত করেছে সৌদি সরকার। ওয়াশিংটন পোস্ট বলছে, খাশোগির পরিবার যাতে সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করে তাই এই সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। যদিও সৌদি রাজতন্ত্রের এক কর্মকর্তা জানান, এমন সহায়তা সৌদি আরবের সংস্কৃতি অনুসরণ করেই দেওয়া হয়। অতীতেও অনেককে এমন সহায়তা দেওয়া হয়েছে।
২০১৮ সালে বাদশাহ সালমানের অনুমোদন সাপেক্ষে সৌদি কর্র্তৃপক্ষ খাশোগির প্রত্যেক সন্তানকে প্রতি মাসে প্রায় দশ হাজার ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বসবাসের জন্য জেদ্দায় কোটি ডলার মূল্যের বাড়িও দেওয়া হয়েছে। এমনই এক বাড়িতে খাশোগির বড় সন্তান সালেহ বর্তমানে বাস করছেন। খাশোগির বাকি তিন সন্তান যুক্তরাষ্ট্রে বাস করছেন এবং বলা হচ্ছে তারা সৌদি আরবে থাকা সকল সম্পদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।