সংসদ সদস্য মাহী বি. চৌধুরীকে বরণ করতে স্কুল ছুটির পরেও দীর্ঘ দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় মুন্সীগঞ্জের সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। গত সোমবার সাংসদের অপেক্ষায় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে। ওইদিন বিকেল ৪টায় সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ে নির্মিতব্য অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি. চৌধুরীর। কিন্তু তিনি দুই ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৬টার দিকে বিদ্যালয়ে আসেন। কিন্তু সাংসদকে বরণ করার জন্য বিদ্যালয় ছুটির পরেও ষষ্ঠ থেকে দশম শ্রেণির কয়েকশ শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলে বিদ্যালয় কর্র্তৃপক্ষ। সে জন্য টানা দুই ঘণ্টা সংসদ সদস্যের অপেক্ষায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীরা।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সাংসদ মাহীর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, সিরাজদীখান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।
ওই বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল ১০টার দিকে তাদের পাঠদান শুরু হয়। সকালে বাড়ি থেকে খেয়ে তারা বিদ্যালয়ে আসলেও দুপুরে তেমন কিছুই খাওয়া হয়নি। কিন্তু সংসদ সদস্যের আগমন উপলক্ষে ছুটির পরও বিদ্যালয়ে অবস্থান করতে হয়েছে তাদের। এতে ক্ষুধার্ত অবস্থায় টানা দুই ঘণ্টা তাদের দাঁড়িয়ে থাকতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সিডিউল অনুযায়ী বিকেল ৪টার দিকে সংসদ সদস্য মাহী বি. চৌধুরীর বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু জেলার শ্রীনগর উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তার আসতে বিলম্ব হয়। সে জন্য শিক্ষার্থীদের কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। এ প্রসঙ্গে সংসদ সদস্য মাহী বি. চৌধুরীর ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান বাচ্চু বলেন, ‘বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কোনো সিডিউল ছিল না। বিদ্যালয় কর্র্তৃপক্ষের অনুরোধে অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।’