নওগাঁর পত্নীতলা উপজেলায় ফসলের খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উষ্টি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৩৮) এবং একই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মোজাফফর রহমান (৩০)।
নিহতদের স্বজনদের উদ্ধৃতি দিয়ে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, সকালে বোরো ধানের মাঠে সেচ দিতে যান মোস্তফা ও মোজাফফর। এসময় সেচ যন্ত্রের বৈদ্যুতিক তারের স্পর্শে প্রথমে মোস্তফা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন তাকে উদ্ধার করতে গিয়ে মোজাফফরও বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকেন।
মাঠের অন্য কৃষকরা দুর্ঘটনার বিষয়টি টের পেয়ে দুজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি পরিমল।