গভীররাতে বসতঘরে আগুনে বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়া ভেড়ামারায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সালেহা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামের আনছার আলীর গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে তিনটি গরু, রান্নাঘর, বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে গোয়ালঘরে লাগা আগুন দেখতে পেয়ে আনছার আলীর স্ত্রী বৃদ্ধা সালেহা গোয়াল ঘরের গরু খুলতে যান। তখনই আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় বৃদ্ধা পুড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ভস্মিভূত গোয়ালঘরে তল্লাশি করে সেখান থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আনসার আলীর গরুর ঘরে মশা তাড়ানো সাজাল থেকেই এই আগুনের সূত্রপাত। এ ঘটনায় বেশ ক্ষয়ক্ষতির নমুনা পাওয়া গেলেও এ মুহূর্তে পরিমাণ নিরুপণ সম্ভব নয়।