রাঙামাটির রাজস্থলীতে গোলাগুলিতে সাতজন নিহতের ঘটনাটি গুজব বলে দাবি করেছেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল। বুধবার বিকেল ৪টার পর তিনি দেশ রূপান্তরের কাছে এমনটা দাবি করেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির কথা শুনে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত খুঁজে পায়নি। তাই বিষয়টিকে আমরা গুজব বলেই ধারণা করছি।
রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির দেশ রূপান্তরকে বলেন, রাস্থলীতে হতাহতের খবর সঠিক নয়। হয়ত কিছু ঝামেলা হয়েছিল। তবে সেখানে কেউ নিহত হয়নি বা ‘আরাকান বিদ্রোহীদের’ দেখা যায়নি।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে রাজস্থলীতে গোলাগুলিতে সাতজন নিহতের খবর পাওয়া যায়। তবে কেউ এ বিষয়ে নিশ্চিত হয়ে কোনো তথ্য দেয়নি। স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরাও দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেননি।