পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধের কারণ জানালেন প্রধানমন্ত্রী ইমরান

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর সম্প্রচার পাকিস্তানে বন্ধ করার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানে আইপিএল দেখানো হবে না বলে জানিয়েছিল পাকিস্তান সরকার। মঙ্গলবার থেকে পাকিস্তানে আইপিএলের সম্প্রচার বন্ধও হয় সে অনুযায়ী।

তবে এবার বন্ধের কারণ হিসেবে পাকিস্তান সরকার এক অজুহাত দিয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ভারত সর্বাত্মকভাবে পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করার চেষ্টা করছে। সেই জন্য আইপিএল পাকিস্তানে সম্প্রচারে রাজি নয় তাদের সরকার। ক্যাবিনেট বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে ভারত। তাই ওদের দেশের ঘরোয়া টুর্নামেন্ট এখানে প্রচারের কোনো মানে হয় না। এর আগে ভারতে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার বন্ধ করা হয়েছিল। পাকিস্তানের ক্রিকেট ও ক্রিকেটারদের ক্ষতি করাই ভারতের আসল উদ্দেশ্য ছিল। পিএসএল ভারতে না দেখিয়ে পাকিস্তান ক্রিকেটকে আর্থিক ক্ষতির মুখে ফেলার চক্রান্ত করেছিল ভারত।

উল্লেখ্য পুলওয়ামার জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের একটি চ্যানেল প্রথমদিকে পিএসএল সম্প্রচার করছিল। কিন্তু পরবর্তীকালে তারাও সম্প্রচার বন্ধ করে দেয়।