যেকোনো আবেগময় সম্পর্ক এক ধরনের বেড়ে ওঠা গাছের মতো, যা সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন প্রতিদিনের পরিচর্যা। দাম্পত্য জীবন সুন্দর করতে দুজনেরই আন্তরিক প্রচেষ্টা দরকার।
সময় দিন : সারা দিনে নানা ধরনের কাজে আমরা ব্যস্ত থাকি। তবে এই ব্যস্ততার মধ্যেও সঙ্গীর জন্য কিছুটা সময় বের করা জরুরি। পরস্পরের সঙ্গ উপভোগ করা, খুনসুটিতে মেতে থাকা, গল্প করা এগুলোও সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সম্মান করুন : দুজন মানুষ একসঙ্গে থাকলে কখনো না কখনো ঝগড়া হবেই। তবে খেয়াল রাখবেন ঝগড়ার সময় মুখ ফসকে এমন কোনো কথা বলবেন না, যাতে সঙ্গীর সম্মানহানি হয়। পরস্পরের মধ্যে সম্মানবোধ থাকা খুব প্রয়োজন সুস্থ সম্পর্কের জন্য।
ভালোবাসা প্রকাশ করুন : প্রকাশ করলে ভালোবাসা আরও বাড়ে। ব্যস্ততার মধ্যেও ভালোবাসা প্রকাশ করতে পারেন উষ্ণ একটি আলিঙ্গন বা একটি চুমুর মাধ্যমে। কিংবা দিতে পারেন আবেগময় কোনো মেসেজ।
উৎসাহিত করুন : পারিবারিক কিংবা অফিসের কারণে সঙ্গী কখনো কখনো হতাশ হতে পারে। তবে সেই হতাশা কাটাতে তাকে উৎসাহিত করুন। বলতে পারেন, তুমিই পারবে, তোমাকে দিয়েই হবে।
আন্তরিক হন : দাম্পত্য জীবনে সমস্যা আসবেই। তবে সেই সমস্যা সমাধানের জন্য দুজনেরই আন্তরিক হওয়া দরকার। ঠাণ্ডা মাথায় দুজনে আলোচনা করে বহু সমস্যা সমাধান করা সম্ভব। দুজনে মিলে যদি কোনো সমস্যার সমাধানে আন্তরিক হওয়া যায়, তাহলে সমাধান হবেই।
বিশেষ দিন : বিশেষ দিনগুলো মনে রাখুন। বিশেষ করে সঙ্গীর জন্মদিন বা নিজেদের বিয়ের তারিখে উপহার দিতে পারুন বা না পারুন অন্তত ভুলে যাবেন না। বরং সেই দিনটা নিজেদের মতো করে কাটানোর প্রস্তাব দিন।