যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস সাময়িকী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০ তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ করেছে। এই তরুণদের সবার বয়স ৩০ বছরের কম। যারা নিজ ব্যবসা বা কাজ দিয়ে সমাজের কোনো সমস্যা সমাধানে ভূমিকা রাখেন তাদের ঠাঁই মেলে এ তালিকায়। চলতি বছরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন দুই বাংলাদেশি তরুণ। তারা হলেনÑ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও’এর সহ-প্রতিষ্ঠাতা হোসাইন ইলিয়াস ও কার্টুনিস্ট মোরশেদ আবদুল্লাহ।
‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াসের ভোক্তা প্রযুক্তি (কনজুমার টেকনোলজি) এবং মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাজিং বিভাগে রয়েছে মোরশেদ আবদুল্লাহর নাম।
মোরশেদ মিশু নামে সবার কাছে পরিচিত মোরশেদ আবদুল্লাহ বর্তমানে মাসিক রম্য ও কার্টুন সাময়িকী ‘উন্মাদ’-এর সহকারী সম্পাদক। ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত তিনি ‘দ্য গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ শীর্ষক কার্টুন সিরিজে এঁকেছেন ১১টি ছবি। ভয়ংকর ও মানবিক বিপর্যয়ের এ ছবিগুলোকে সুখের ছবিতে রূপান্তর করেছেন।
হুসেইন ইলিয়াসের বয়স এখন ২৯ বছর। তার সম্পর্কে ফোর্বস বলেছে, সিফাত আদনানের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথম রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।