পটুয়াখালীতে পনেরো লাখ বাগদা রেণু জব্দ

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরে অভিযান চালিয়ে পনেরো লাখ বাগদা রেণু জব্দ করেছে কোস্টগার্ড নিজামপুর স্টোশন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালিয়ে এ রেণু জব্দ করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পোনা মজুতকারী ব্যবসায়ীসহ কর্মচারীরা।

পরে রাত সাড়ে ১০টায় সোনাতলা নদীতে এসব বাগদা রেণু অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজামপুর কোস্টগার্ড স্টোশনের সিনিয়র চিফ পেটি অফিসরি এনামুল হক, ভলেস্বর নৌ-জাহাজের ভারপ্রপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম, মৎস্য আফিসের ফিল্ড অফিসার মনির হোসেন।

সমুদ্র এবং নদীতে বাগদা চিংড়ির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কোস্টগার্ড নিজামপুর স্টোশনের সিনিয়র চিফ পেটি অফিসরি এনামুল হক বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকার গরীব মানুষদের প্রলোভিত করে সমুদ্র উপকূল এবং তৎসংলগ্ন নদী মোহনা থেকে বাগদা ও গলদা রেণু আহরণ করিয়ে আসছে।

কঠোর নজরদারি এড়িয়ে এসব রেণু মজুদ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। তবে পোনা জব্দ করা গেলেও পালিয়ে যাওয়ায় চক্রের কাউকে আটক করা যায়নি।