ভারতে অনুষ্ঠিত আইপিএল টুর্নামেন্টে মাঠে খেলতে না পারলেও টিভিতে ভালো খেলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
ভারতের টিভি ও ইউটিউব চ্যানেলে খেলাবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে তারকা খেলোয়াড়দের সঙ্গে 'স্পোর্টস টকে' অংশ নেন সাকিব। সেখানকার এক অনুষ্ঠানে সাকিবকে হিন্দিতে প্রশ্ন করা হয়। তবে সাকিব হিন্দিতে উত্তর দেননি। তিনি উত্তর দেন ইংরেজিতে।
আর সাকিবের এমন সিদ্ধান্তের প্রশংসা করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে দেখা গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। পরের দুই ম্যাচে যদিও তিনি সুযোগ পাননি।
জানা গেছে, ওই টিভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় শংকর, ভিভিএস লক্ষ্মণ ও সাকিব। উপস্থাপক প্রথমে তাদের ইংরেজিতেই প্রশ্ন করেন। সেই ভাষাতেই উত্তর দেন তারা। কিন্তু ভারতীয় হওয়ায় বিজয়, লক্ষ্মণকে হঠাৎ করে হিন্দিতে প্রশ্ন করেন উপস্থাপক। এরই ধারাবাহিকতায় সাকিবকেও হিন্দিতে প্রশ্ন করা হয়। কিন্তু সাকিব বুঝতে পারলেও জবাব দেন ইংরেজিতে।
উপস্থাপক অবশ্য এখানে ক্ষ্যান্ত হননি। সাকিবকে ফের একই ভাষাতেই প্রশ্ন করেন। এবারও বাংলাদেশি তারকা উত্তর দেন ইংরেজিতে।