১৮ শ টাকার ঘড়ি অর্ডার দিয়ে পেলেন পেঁয়াজ!

অনলাইনে ১৮ শ টাকা দামের ঘড়ির অর্ডার দিয়েছিলেন লক্ষ্মীপুরের পিয়াস সরকার। তবে তিনি কুরিয়ারে ঘড়ির বাক্সে পেলেন দুটি পেঁয়াজ। এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

'স্মার্ট শপ ঢাকা; নামে একটি অনলাইন মার্কেটিং পেজ তার সঙ্গে এ প্রতারণা করেছে বলে অভিযোগে তিনি জানান।

পিয়াস লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার জয়দেব সরকারের ছেলে ও স্কাই ইন্টারনেটের লক্ষ্মীপুর শাখার ব্যবসায়ী।

সাধারণ ডায়েরিতে তিনি জানান, সোমবার স্মার্ট শপ ঢাকা নামক একটি অনলাইন পেজ থেকে একটি স্মার্ট ঘড়ি অর্ডার করেন। ঘড়িটির দাম ১৮ শ টাকা। ঘড়িটি পেতে ৬০ টাকা এসএ পরিবহনকে বাড়তি বিল দিতে ওই অনলাইন থেকে জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এসএ পরিবহন লক্ষ্মীপুর শাখা থেকে ১৮৬০ টাকা দিয়ে তার নামে আসা ঘড়ির প্যাকেটটি গ্রহণ করে। কিন্তু প্যাকেটটি খুলে ঘড়ির বদলে পাওয়া গেছে দুটি পেঁয়াজ। এরপর তিনি বিল ভাউচারে থাকা বিক্রেতাদের নম্বরে কল দিয়েও যোগাযোগ করতে পারেননি। 

পিয়াস সরকার জানান, পেজটিও বন্ধ দেখাচ্ছে। এ বিষয়ে এসএ পরিবহনকে জানালে তারা থানায় সাধারণ ডায়েরির কথা বলে। পরে সাধারণ ডায়েরির একটি ফটোকপি এসএ পরিবহনে জমা দিয়েছি।

এ ব্যাপারে এসএ পরিবহনের লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক নুরুল আলম বলেন, পণ্যটির বক্স ও সাধারণ ডায়েরির একটি কপি আমাদের মূল শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।