আশুলিয়ায় শিশু এবং গৃহবধূর লাশ উদ্ধার

আশুলিয়ায় একটি ডোবা থেকে চার বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে এ মৃত দেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বুধবার বিকেল থেকে মরিয়ম নিখোঁজ হয়। বৃহস্পতিবার দুপুরে পথচারীরা ডোবার পানিতে ভাসমান একটি মৃতদেহ দেখতে পায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) নাহিদ ইসলাম বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশু মরিয়ম খেলতে গিয়েই পানিতে পরে নিহত হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্যদিকে দুপুরে আশুলিয়ার গুমাইল ইটখোলা এলাকার আব্দুল আজিজের ফ্ল্যাট বাড়ির চতুর্থ তলা ভবন থেকে কানিজ মহুয়া (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কানিজ মহুয়া মাগুরা  জেলার শ্রীপুর থানার তখলপুর গ্রামের মৃত সারোয়ার খন্দকারের মেয়ে। সে পোশাক শ্রমিক স্বামী সোহেল রানার সাথে গুমাইল এলাকায় ভাড়া থাকেন। তাদের সিনথিয়া নামে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানায়, নিহতের মরদেহটি উদ্ধার করে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।