মুখে নকল দাড়ি। মাথায় হ্যাট। খোলা বাজার থেকে কিনছেন নিত্য প্রয়োজনীয় জিনিস। কেউ বুঝতেই পারল না লোকটি আর দশজনের মতো সাধারণ নন। তিনি অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী তারকা ম্যাথু হেডেন!
চেন্নাইয়ের বাজারে হেডেনের এভাবে ঘুরে বেড়ানোর কারণ আছে। তিনি একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। সতীর্থ শেন ওয়ার্নের সঙ্গে। কথা ছিল, মাত্র হাজার টাকার মধ্যে একটি ঘড়ি এবং একজন মানুষের প্রয়োজনীয় যাবতীয় পোশাক কিনবেন।
সেই চ্যালেঞ্জ জিততেই তাকে নিতে হয় ছদ্মবেশ। এবং শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি জিতেও যান হেডেন। হাজার টাকার মধ্যেই নিজের জন্য যাবতীয় সামগ্রী কিনেছেন।
হেডেন এখন আইপিএলের কাজে ভারতে আছেন। সেখানে বসেই কথায় কথায় ওয়ার্নের সঙ্গে ‘বাজি’ ধরেন।
হেডেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মবেশের ছবি শেয়ার করেছেন। সেখান থেকে জানা গেছে, চেন্নাইয়ের টি-নগর স্ট্রিট মার্কেটে তিনি শপিং করতে যান।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বর্ণালি যুগের অন্যতম সদস্য ছিলেন হেডেন। তার মতো মানসিক দৃঢ়তার ক্রিকেটার তৎকালীন সময়ে ক্রিকেট বিশ্বে হাতেগোনা কয়েক জন ছিল। ২০০৩ এবং ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি।