আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র (বায়োপিক) মুক্তিকে নৈতিক বিধির লঙ্ঘন উল্লেখ করে জনস্বার্থে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে শুনানিতে সম্মত হয়েছে সর্বোচ্চ আদালত।
দ্য হিন্দুর খবরে জানানো হয়, এস.এ. ববদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ এ বিষয়ে জরুরি শুনানির জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেন। ফলে আজ শুক্রবার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে না।
এর আগে সর্বোচ্চ আদালতে আবেদনটি করেন আইনজীবী ও কংগ্রেসের মুখপাত্র আমান পানওয়ার। তার পক্ষে বিষয়টি আদালতে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এ.এম. সিংভী। আবেদনে বলা হয়, ‘পিএম নরেন্দ্র মোদি’ শিরোনামের চলচ্চিত্র অবাধ ও স্বচ্ছ নির্বাচনে (যেটি ভারতের সংবিধানের ভিত্তি কাঠামোর অংশ) প্রভাব বিস্তার করবে। শুরুতে আবেদনকারীকে সর্বোচ্চ আদালত জিজ্ঞাসা করে, কেন তিনি সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। জবাবে আইনজীবী সিংভী বলেন, এরই মধ্যে দিল্লি ও বোম্বে হাইকোর্ট এ ধরনের আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। যে আদালতগুলো তাদের অবস্থান জানিয়ে দিয়েছে, সে সবে একই বিষয় নিয়ে যাওয়া হবে বৃথা চেষ্টা।
এর আগে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে চলচ্চিত্রটির মুক্তি স্থগিত করতে গত ১ এপ্রিল করা একটি আবেদন গ্রহণ করেনি দিল্লি হাইকোর্ট।