পশ্চিমা বিশ্ব দিনটিকে বেশ ঘটা করে পালন করে ‘এপ্রিল ফুল ডে’। সেদিন জাস্টিন বিবার তার স্ত্রী মার্কিন মডেল হেইলি ব্যাল্ডউইনের একটি ছবি পোস্ট করেন ইন্সটাগ্রামে। ছবিতে দেখা যায়, একটি ক্লিনিকে উন্মুক্ত পেটে হাত দিয়ে আছেন হেইলি ব্যাল্ডউইন। ছবিতে দুজন চিকিৎসককেও দেখা যায়। ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘তোমরা কি এটা ধোঁকা ভাবছ!’ ব্যস, বাতাসের চেয়েও দ্রুতগতিতে গুঞ্জন রটে যায়, সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা দম্পতি। অনেকেই ওই পোস্টে তাদের অভিনন্দন জানিয়েছে। কিন্তু অনেকেই এটাকে ‘ধোঁকা’ বলে সন্দেহ প্রকাশ করেছেন। অনাগত সন্তানকে নিয়ে মজা করা যায় না বলেও সতর্ক করেন অনেক ভক্ত। একজন মন্তব্য করেন, ‘এটা মোটেও মজার কিছু নয়। অনেক দম্পতি আছেন, যারা অনেক চেষ্টা করেও একটি সন্তান নিতে পারছেন না।’ আরেকজন এটাকে ‘মারাত্মক ভুল’ বলেও মন্তব্য করেন।
মন্তব্যের কলামে আরেকজন ভক্ত লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আপনাদের যেন কখনোই বন্ধ্যত্বের বা গর্ভপাতের অভিজ্ঞতা না হয়। আমার মনে হয়, অন্যের প্রতি আপনার আরও শ্রদ্ধাশীল আর সংবেদনশীল হওয়া প্রয়োজন। আপনাদের দুজনেরই লজ্জিত হওয়া উচিত। আপনারা জানেন, কত দম্পতির সন্তান হয় না?’
কলচি মে নামের এই ভক্ত আরও লিখেছেন, ‘এসব নিয়ে মজা করার আগে আরেকবার ভাবুন। গর্ভাবস্থা কোনো মজা করার বিষয় না। কোনো চমৎকার ও মৃল্যবান বিষয় নিয়ে মজা করবেন না।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর জাস্টিন বিবার আর হেইলি ব্যাল্ডউইন জুটি লস অ্যাঞ্জেলেসের ম্যারেজ রেজিস্ট্রার অফিসে কাউকে না জানিয়ে চুপিসারে বিয়ে সেরে ফেলেন। এর আগে ৭ জুলাই বাহামাসের এক রেস্তোরাঁয় নৈশভোজের সময় হেইলি ব্যাল্ডউইনকে প্রেমের প্রস্তাব দেন জাস্টিন বিবার। সহস্র নারীভক্তের হৃদয় ভেঙে এত দ্রুত বিয়ে সেরে ফেলবেন, ভাবেননি অনেকেই।
আরেকবার বিবারের বাবা হওয়ার গুজব ছড়িয়েছিল। কোর্টনি কার্দাশিয়ান জাস্টিন বিবারের সন্তানের মা হতে চলেছেন বলে ঘোষণা দেন ২০১৬ সালের মে মাসে। তাদের দুজনের বয়সের ব্যবধান প্রায় ১৪ বছর। তা সত্ত্বেও সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই নাকি কার্দাশিয়ানের দিকে ঝুঁকে পড়েন বিবার।