বিভিন্ন স্থানে নারী শিশুসহ ৬ লাশ

সাভারের আশুলিয়ায় ডোবা থেকে শিশু এবং ফ্ল্যাট থেকে গৃহবধূর, নাটোরের বড়াইগ্রামে ফসলের মাঠ থেকে অজ্ঞাত বৃদ্ধের, কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী থেকে অজ্ঞাত তরুণের ভাসমান ও গোপালগঞ্জের মুকসুদপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে চার দিন ধরে পড়ে আছে অজ্ঞাত এক নারীর মৃতদেহ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

গোপালগঞ্জ : মুকসুদপুর থেকে বিপ্লব বৈরাগী (৫০) নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। তিনি মুকসুদপুর উপজেলার কলিগ্রামের পিতিশ বৈরাগীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, রাতের কোনো সময়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিপ্লব বৈরাগী।

ভৈরব (কিশোরগঞ্জ) : মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজারের কাঠপট্টি এলাকায় মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। উদ্ধারকৃত মরদেহের পরনে একটি হালকা নীল রঙের জিন্স প্যান্টসহ গোলাপি রঙের প্রিন্টের শার্ট ও ভেতরে লাল-কালো রঙের একটি হাফহাতা গোলগলা গেঞ্জি ছিল। মরদেহের পরনের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগ থেকে সদ্য হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেনের একটি নির্বাচনী পোস্টার উদ্ধার করেছে পুলিশ।

সাভার : আশুলিয়ায় শাখা সড়কের পাশের একটি ডোবা থেকে মরিয়ম নামের চার বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। মরিয়ম শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বেলাল মিয়ার মেয়ে। তারা আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। গত বুধবার বিকেল থেকে মরিয়ম নিখোঁজ ছিল।

অন্যদিকে, দুপুরে আশুলিয়ার গুমাইল ইটখোলা এলাকার আবদুল আজিজের ফ্ল্যাটবাড়ির চতুর্থ তলা থেকে কানিজ মহুয়া (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহুয়া মাগুরার শ্রীপুর থানার তখলপুর গ্রামের মৃত সারোয়ার খন্দকরের মেয়ে। তিনি পোশাক শ্রমিক স্বামী সোহেল রানার সঙ্গে গুমাইল এলাকায় ভাড়া থাকতেন। তাদের তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নাটোর : বড়াইগ্রামের কয়েন এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নাটোর-পাবনা সড়কের কয়েন এলাকায় একটি মাঠ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন জানান, সকালে এলাকাবাসী মাঠে কৃষিকাজে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৮০। গায়ের রং ফর্সা, পরনে ছিল সাদা হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

সিলেট : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে চার দিন ধরে পড়ে আছে অজ্ঞাত এক মহিলার লাশ। ওই মহিলার বয়স আনুমানিক ৪০ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট। মহিলার কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পেলে সিলেট কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা জানান, গত ১ এপ্রিল ওই মহিলা নাম-ঠিকানাবিহীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। ওইদিন বিকেলেই তার মৃত্যু হয়।