মাইলফলকের সামনে সৌদি আরবের এই নারী রেসিং ড্রাইভার

সৌদি আবরে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে এক বছরও হয়নি। এরই মধ্যে নামকরা এক রেসিং ড্রাইভার হয়ে পথে হাঁটছেন দেশটির রিমা জুফালি নামের এক তরুণী। সৌদি আরবের প্রথম নারী রেসিং ড্রাইভার হিসেবে যুক্তরাজ্যের ব্র্যান্ডস হ্যাটসে ফর্মুলা ফোর পর্যায়ের ব্রিটিশ চ্যাম্পিয়ন্সশিপে অভিষেক হতে যাচ্ছে তার।

প্রতিযোগিতাটিতে ফর্মুলা থ্রি পর্যায়ের ‘ডাবল আর রেসিংয়ের’ বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের লুইস ফোস্টার ও যুক্তরাজ্যের সেবাস্তিয়ান আলভারেসের সঙ্গে লড়বেন ২৭ বছর বয়সী জুফালি।

গত বছর ড্রাইভিংয়ে নারীদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর অক্টোবরে রেসিংয়ে অভিষেক হয় জেদ্দায় জন্ম নেওয়া জুফালির। ফর্মুলা ফোর পর্যায়ের ব্রিটিশ চ্যাম্পিয়ন্সশিপে অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত তিনি।

“এটা করা আমার জন্য এটা অসাধারণ একটি মুহূর্ত। ব্র্যান্ডস হ্যাটসে মোটরস্পোর্টের প্রাণ। তাতে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করব।”

২০১৮ সালের জুনে নারীদের উপর ড্রাইভিং নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় সৌদি আরব। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পাঁচ মাসের মধ্যেই টু-সিটার রেসিংয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন জুফালি। এরই মধ্যে সিঙ্গেল-সিটারে লড়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন জুফালি, “এটা কঠিন একটা বছর হতে যাচ্ছে। তবে এই চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।”