পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই উমর আকমল-ওয়াহাব

পাকিস্তান কাপে তুমুল ফর্মে আছেন। বেলুচিস্তানের হয়ে পাঞ্জাবের বিপক্ষে ১০৮ বলে অপরাজিত ১৩৬ রান করার পর সিন্ধুর বিপক্ষে করেছেন ৬৬ বলে ৯৯! ঘরোয়া ক্রিকেটে এমন ফর্মে থাকা সত্ত্বেও দুঃসংবাদ শুনলেন দুই বছর পর জাতীয় দলে ফেরা উমর আকমল। বিশ্বকাপের সম্ভাব্য দলে নেই তার নাম।

ফর্মে থাকলেও উমরের বাদ পড়া প্রত্যাশিতই ছিল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের আগের রাতে তার দলীয় নিয়ম ভঙ্গের ব্যাপারটা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ম্যাচের ঠিক আগের রাতে হোটেল থেকে বিনা অনুমতিতে বেরিয়ে যান উমর আকমল। হোটেলে ফিরতেও দেরি করেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। ঘটনা অনুসন্ধান করে আকমলের মাচ ফির ২০ শতাংশ জরিমানা করে পিসিবি। দল থেকে তার বাদ পড়ায় এটাকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

সম্ভাব্য দলে নেই অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজও, গত বুধবার যিনি ৫ উইকেট নিয়ে ফেডারেল এরিয়াসের বিপক্ষে খাইবার পখতুনখাওয়াকে ৩ উইকেটের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চলতি মাসের ১৮ তারিখ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান। এর আগে কোচ মিকি আর্থারের সঙ্গে আলোচনা করে ফিটনেস পরীক্ষার জন্য ১৫ ও ১৬ এপ্রিল ২৩ জন খেলোয়াড়কে জাতীয় ক্রিকেট একাডেমিকে ডেকেছেন ইনজামাম-উল-হক নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

ডাক পেয়েছেন আবিদ আলি। গত সপ্তাহে অভিষেক ওয়ানডেই সেঞ্চুরি হাঁকান (১১২) এই ওপেনার। অভিষেক ওয়ানডেতে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের এটা সর্বোচ্চ রানের ইনিংস। আবিদসহ ফিটনেস টেস্ট দিতে যাবেন মোট চারজন ওপেনার।

পিএসএল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সে নজর কেড়ে বিশ্বকাপের জন্য ফিটনেস টেস্টে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী পেসার মোহাম্মদ হাসনাইন।

তালিকায় নাম আছে হাতের বুড়ো আঙ্গুলে দুইবার অস্ত্রোপচার করানো মোহাম্মদ হাফিজের। যদিও ফিটনেস টেস্টের আগে তার চোট কাটিয়ে ওঠা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

বেশ কিছু দিন ধরে আশাব্যঞ্জক ফর্মে নেই পেসার মোহাম্মদ আমির ও স্পিনার ইয়াসির শাহ। এরপরও ফিটনেস টেস্টে ডাক পেয়েছেন তারা। এর মধ্যে বিশ্বকাপ দলে আমিরের বদলে দারুণ ফর্মে থাকা ওয়াহাবকে ডাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

ফিটনেস টেস্টে ডাক পাওয়া ২৩ খেলোয়াড়:

সরফরাজ আহমেদ, আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান শিনওয়ারি ও ইয়াসির শাহ