নাটোর সদর উপজেলার দস্তানাবাদে স্ত্রীর সঙ্গে পরকীয়ার প্রতিবাদ করায় ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড়ভাই।
ছোট ভাই আরিফুল ইসলামের (৩৮) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বড়ভাই দুলাল হোসেন (৪৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান।
নিহত দুলাল ও অভিযুক্ত আরিফুল দস্তানাবাদের মুনছের আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আরিফুল পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, দুলাল হোসেনের স্ত্রীর সাথে তার দেবর আরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ওই পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এ বিষয় নিয়ে অতি সম্প্রতি একটি পারিবারিক সালিসও বসানো হয়। এর পরেও পরকীয়ার সম্পর্ক অব্যাহত থাকায় গত বুধবার (৩ এপ্রিল) নিজ বাড়িতে দুলাল ও আরিফুলের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই আরিফুল বড়ভাই দুলালের গলায় ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে দুলাল গুরুতর ভাবে আহত হলে তাকে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে দুলালের মৃত্যু হয়।
নাটোর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের বক্তব্য নিয়েছে। অভিযুক্ত আরিফুলকে খোঁজা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।