সোনারগাঁয়ে মাদক বাল্যবিয়েকে ‘না’

মাদক আর বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নিয়েছে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার সকালে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সামাজিক সংগঠন ব্রাইট সোনারগাঁ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ শপথ নেয় তারা।

ব্রাইট সোনারগাঁ-এর সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার।

এ ছাড়া বক্তব্য দেন সোনারাগাঁ উপজেলা পরিষদের প্রকল্প উন্নয়ন কর্মকর্তা শাহানারা আঁচল, সাংবাদিক ফরিদ হোসেন, মো. শাহজালাল, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন জাকি ও শিক্ষানুরাগী তুহিন মাহমুদ।

অনুষ্ঠানে ব্রাইট সোনারগাঁ-এর সভাপতি আকতার হোসেন মাদক, ইভটিজিং থেকে দূরে থাকতে এবং ১৮ বছরের আগে বিয়ে না করার বিষয়ে তরুণ-তরুণীদের কাছে প্রতিশ্রুতি চান। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাত তুলে এসব বিষয়ে প্রতিশ্রুতি দেয়।