বরিশাল বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নিয়ে ৬টা পর্যন্ত এই কর্মসূচি শুরু করে তারা। টানা দশম দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, যতদিন উপাচার্য পদত্যাগ না করবে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আজ শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থী, বরিশালের রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি মেয়র, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। ওই কটূক্তির প্রতিবাদ ও প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ উপাচার্য তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হয়ে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন।