লিভারপুলের জয়ে চোখ জুড়ানো গোল সালাহর

একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করলেন মোহামেদ সালাহ। জালের দেখা পেলেন নাবি কেইতা ও জেসন হেন্ডারসন। তাতে সাউথ্যাম্পটনের মাঠ থেকে রোমাঞ্চকর জয় নিয়ে ফিরেছে প্রথমে পিছিয়ে পড়া লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের পযেন্ট টেবিলে শীষস্থানও উদ্ধার করেছে অল রেডরা।

শুক্রবার রাতে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইয়ুর্গেন ক্লপের দল। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় তারা। ড্রর দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ। শেষ মুহূর্তের দুই গোলে নিশ্চিত হয় বড় জয়।

ম্যাচ শুরুর নবম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আইরিশ ফরোয়ার্ড শ্যান লং। সময়ের সঙ্গে ম্যাচে আধিপত্য ও আক্রমণের মাত্রা বাড়ায় লিভারপুল। ৩৬তম মিনিটে গোছানো আক্রমণে সমতা ফেরায় তারা। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে হেডে গোলটি করেন গিনিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার কেইতা।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ শিবিরে চাপ অব্যাহত রাখে লিভারপুল। কিন্তু সাউথ্যাম্পনের রক্ষণে ফাটল ধরাতে পারছিল না তারা। ৮০তম মিনিটে দলকে এগিয়ে নেন সালাহ। হেন্ডারসনের হেডে প্রতিপক্ষের বল পেয়ে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করেন মিশরীয় এই ফরোয়ার্ড। কাটালেন লিগে টানা ছয় ম্যাচের গোল খরা।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন বদলি নামা হেন্ডারসন। রবের্তো ফিরমিনোর পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করা লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩ ম্যাচে ৮২। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।