পাকিস্তানের ওপেনিংয়ে সমস্যা দেখছেন মহসিন খান

বিশ্বকাপের আগে পাকিস্তান দলে বিশেষজ্ঞ ওপেনিং জুটির অভাব দেখছেন দেশটির ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির প্রধান মহসিন খান। তার মতে, ওপেনিংয়ে এই সমস্যা ক্রিকেটের সর্বোচ্চ আসরে পাকিস্তানের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

মহসিনের মতে, বিশ্বকাপে দুই ওপেনার চাপ সামাল দিতে ব্যর্থ হলে মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও ভালো করতে পারবে না।

“বিশ্বকাপের মতো আসরে পাকিস্তানের বিশেষজ্ঞ ও পরিপক্ব ওপেনিং জুটি থাকা দরকার, যারা অনেক চাপের ম্যাচগুলোতে দলকে শক্তিশালী একটি শুরু এনে দিতে পারবে। কিন্তু আমাদের দলে এটার অভাব আছে।”

দলের মিডল অর্ডারের ব্যাটিং লাইন-আপ নিয়ে পাকিস্তানের হয়ে ১৯৭৮-৮৬ সময়ে ৪৮টি টেস্ট খেলা মহসিন বলেন, “ম্যাচ জিততে যেকোনো দলের জন্যই মানসম্পন্ন অলরাউন্ডার থাকা গুরুত্বপূর্ণ। বড় প্রতিযোগিতায় অলরাউন্ডারদের দারুণ সব পারফরম্যান্স দরকার।”