গুগলের ভুলে ফাঁস পিক্সেল থ্রি-এ স্মার্টফোন

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গুগলের সম্ভাব্য স্মার্টফোন পিক্সেল থ্রি-এ সম্পর্কে। তবে, এ সবই ছিল শোনা কথা। এবার এই স্মার্টফোনের চেহারা দেখা গেছে নির্মাতা প্রতিষ্ঠান গুগলের ছোট্ট ভুলে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান ও টেক জায়ান্ট গুগল শিগগিরই তাদের পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল থ্রি-এ’ নিয়ে আসছে বলে শোনা যাচ্ছিল। ধারণা করা হচ্ছিল, ‘পিক্সেল থ্রি-এ’ হবে পিক্সেল সিরিজের একটি লাইট ভার্সন। অক্টোবর মাসে এই ফোনটি বাজারে আসার কথা। গতকাল গুগল ভুল করে তাদের ওয়েবসাইটে স্মার্টফোনের তথ্য ফাঁস করে দিয়েছে। তবে, শিগগিরই এই তথ্যগুলো ওয়েবসাইট থেকে তারা সরিয়েও নিয়েছে।

তথ্য সরিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি বলা যায়। কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া তথ্য ও ছবিতে দেখা গেছে, ফোনের বিভিন্ন অংশ। তথ্যগুলো মুছে ফেলার পর গুগল থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। বিবৃতিতে তারা বলেছে, এই ছবিগুলো দেখে কেউ যেন বিভ্রান্ত না হয়।

গুগলের ভুলে ফাঁস হওয়া তথ্য ও ছবি দেখে অনেকেই ভেবেছিল প্রতিষ্ঠানটি হয়তো তাদের ডিভাইস বাজারে ছাড়ার সময়সীমায় পরিবর্তন আনতে চলেছে। কারণ প্রতি বছরই অক্টোবর মাসে নতুন ডিভাইস বাজারে ছাড়ে গুগল। অনেকেই ভাবছিলেন, গুগল এবার থেকে ডিভাইস বাজারে ছাড়ার সময়সীমা এগিয়ে এনে হয়তো মে মাসেই তা করার সিদ্ধান্ত নিয়েছে। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ফোনটির ৪ জিবি র‌্যাম এবং ৫.৬ ইঞ্চি স্ক্রিন। এতে স্ন্যাপড্রাগন ৬৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্মার্টফোনটির পেছনে একটি ১২ মেগাপিক্সেলের একটি এক ল্যান্সের ক্যামেরাও আছে। জল্পনা-কল্পনা যা-ই হোক পিক্সেল থ্রি-এ এবার একটু আগেই বাজারে আসতে চলেছে।