স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা বাংলাদেশের জন্য আগামী দিনেও বিশ্ব বাণিজ্যের সুবিধা অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনা সভায় এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের। তারপর থেকে বাণিজ্য সুবিধা থাকবে না বাংলাদেশের। কিন্তু জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ববাণিজ্যে অর্থবহ সুবিধা বাংলাদেশের প্রয়োজন।
জেনেভায় শুক্রবার ডাব্লিউটিও’র ট্রেড পলিসি রিভিউ বডির চেয়ারম্যান টি হাংকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিপু মুনশি আরও বলেন, ডব্লিউটিওর পরামর্শ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ বাণিজ্যনীতি প্রণয়ন করেছে। বাণিজ্য ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সবসময়ই ডব্লিউটিও দোহা ঘোষণার বাস্তবায়ন চেয়ে আসছে। অগ্রাধিকার বাণিজ্য সুবিধাসহ ডাব্লিউটিও’র সকল সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চায় বাংলাদেশ। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে ভালো করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ বান্ধবনীতি গ্রহণ করেছে সরকার। বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষিত ও দক্ষ জনশক্তি রয়েছে। পণ্যের উৎপাদন খরচও কম। সব মিলিয়ে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য খুবই উপযোগী স্থান। সভায় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, জেনেভায় বালাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি শামীম এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরীসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।