ম্যাচের প্রথমার্ধেই দিয়েগো কস্তাকে হারিয়ে দশ জনের দলে পরিণত হয় আতলেতিকো মাদ্রিদ। তারপরও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। শেষ দিকে জ্বলে উঠলেন লুইস সুয়ারেস ও লিওনেল মেসি। তাদের গোলে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার পথে অনেকটাই এগিয়ে গেল কাতালান ক্লাবটি।
কাম্প নউয়ে শনিবার রাতে স্পেনের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় বার্সেলোনা। শেষ দিকে এক মিনিটের ব্যবধানে গোল দুটি করেন আক্রমণভাগের দুই খেলোয়াড় সুয়ারেস ও মেসি।
এই জয়ে ৩১ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। সাত বছরের মধ্যে পঞ্চমবারের মতো লা লিগার শিরোপা জয়ের পথ জোরালো করেছে দলটি।
সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে নিকটতম প্রতিদ্বন্দ্বী আতলেতিকো। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২৭তম মিনিটেই দশ জনের দলে পরিণত হয় আতলেতিকো। রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ালে সরাসরি লাল কার্ড দেখেন দলটির গুরুত্বপূর্ণ ডিফেন্ডার দিয়েগো কস্তা।
বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও অতিথিদের রক্ষণের সামনে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও বার বার ব্যর্থ হতে হচ্ছিল তাদের।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। জর্দি আলবার পাস ধরে ২৫ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন সুয়ারেস। এই নিয়ে চলতি লিগে নিয়ে উরুগুয়ান স্ট্রাইকারের গোল দাঁড়িয়েছে ২০টি।
পরের মিনিটেই দলকে দ্বিতীয় গোলটি এনে দেন মেসি। মাঝ মাঠ থেকে অনেকটা একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ডিফেন্ডার হোসে হিমেনেকে পরাস্ত করে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এই নিয়ে চলতি লিগে ৩৩তম গোল করলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল দাঁড়িয়েছে ৪৩টি!