‘নৌকার পক্ষে কাজ না করায়’ গরম পানিতে ঝলসে দেওয়া হলো বৃদ্ধকে

পটুয়াখালী বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় এক বৃদ্ধকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে।

এ সময় ভাইকে বাঁচাতে এসে হামলার শিকার হন তার বোন। রবিবার সকালে উপজেলার অলিপুরা বাজারের এ ঘটনা ঘটে।

আহত সালেহা বেগম (৭০) ও সেরাজ সরদারকে (৬৫) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, উপজেলা নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লিটন হোসেন মোল্লার পছন্দের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোতালেব হাওলাদার নৌকা প্রতীকে নির্বাচিত হন। ওই নির্বাচনে সেরাজ সরদার নৌকার পক্ষে কাজ না করায় তার ওপর হামলা হয়।

৩১ তারিখের উপজেলা নির্বাচনে বিজয়ী হন মোতালেব হাওলাদার।  

সেরাজ সরদার আরো জানান, নৌকা প্রতীকের পক্ষে কাজ না করায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। রবিবার সকালে দোকান খুললে নিনান ও ইবান মোল্লা এসে চায়ের ফুটন্ত পানি গায়ে ঢেলে দেয়। এ সময় আমাকে বাঁচাতে গেলে বোনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়দের সহায়তা মুমূর্ষু অবস্থায় তাদের বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম জানান, গরম পানিতে অহতের শরীরে ১২ শতাংশ ঝলসে গেছে। হাতের ক্ষতগুলো গভীর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করেছি।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শুনেছি জমিসংক্রান্ত রিরোধে জেরে উভয়পক্ষের মধে হাতহাতির ঘটনায় তারা আহত হয়েছে। কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।