কুমিল্লায় কাভার্ড ভ্যানে নিয়ে বিক্রি হচ্ছে সিএনজি

কুমিল্লার চান্দিনা, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, সদর দক্ষিণ উপজেলাসহ বিভিন্ন স্থানে কাভার্ডভ্যানে করে অবৈধভাবে বিক্রি হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি)। জেলার বিভিন্ন এলাকায় বিপজ্জনকভাবে কাভার্ডভ্যানে করে প্রতিদিনই শত শত যানবাহনের কাছে এ গ্যাস বিক্রি করা হচ্ছে। নিরাপদভাবে কাভার্ডভ্যানের মাধ্যমে এ গ্যাস বিক্রি করার ফলে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে এলাকাবাসী।

বৈধ কাগজপত্র ছাড়াই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট এভাবে গ্যাস বিক্রি করলেও এ নিয়ে নীরব স্থানীয় প্রশাসন। দেশের বিভিন্নস্থানে সাম্প্রতিক কিছু অগ্নিকাণ্ডের ঘটনার পর বিপজ্জনকভাবে এ ধরনের গ্যাস বিক্রিতে চান্দিনার কোরপাই, দাউদকান্দির নায়েরগাঁও, সদর দক্ষিণের বেলতলী ও চৌদ্দগ্রামের মিয়ার বাজারসহ গ্যাস বিক্রির এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অধিক মুনাফার লোভে একটি অসাধু চক্র কাভার্ডভানে সিএনজি নিয়ে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

 স্থানীয় প্রশাসনের কাছে এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মৌখিক অভিযোগ করা হলেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ গ্যাস বিক্রির সঙ্গে এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী জড়িত থাকায় এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতেও পারছে না এলাকার লোকজন। 

এ বিষয়ে বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রধান তফাজ্জল হোসেন বলেন, কাভার্ডভ্যানে এভাবে গ্যাস বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং বিপজ্জনক। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তিনি বলেন, আমরা দাউদকান্দি উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে আলাচনা করে অবৈধভাবে গ্যাস বিক্রয়কারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেব।  

দাউদকান্দি থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে ওই এলাকা থেকে কেউ অবগত করেনি। তারপরেও যেহেতু সাংবাদিকদের মাধ্যমে জেনেছি অবশ্যই খোঁজখবর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’