কারিগরি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। এ ছাড়া বিদ্যমান পলিটেকনিকের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
রোববার রাজধানীর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘জব ফেয়ার-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ‘সমৃদ্ধ দেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমেই সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। দক্ষতা অর্জনের মধ্য দিয়ে দেশের জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে কারিগরি শিক্ষাই হতে পারে উত্তম হাতিয়ার।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার দেশে বিদ্যমান পলিটেকনিকের সংখ্যা বাড়ানো ও এর মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। দেশে আরও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে বলেও জানান তিনি ।
শিক্ষামন্ত্রী নারী ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্য করে বলেন, ‘শুধুমাত্র চাকরি প্রার্থী হলেই হবে না, যথার্থ জ্ঞান ও যোগ্যতা নিয়ে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। কারিগরি শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য এ খাতে নারীদের বিদ্যমান কোটা ২০ শতাংশে উন্নীত করা হয়েছে।‘
শিক্ষা মন্ত্রী আরও বলেন, এ ধরনের জব ফেয়ার আয়োজনের ফলে চাকরি প্রার্থী এবং চাকরিদাতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হয় যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে।
কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর প্রমুখ।