পর্যটনকেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার সুপারিশ

কক্সবাজারেরসহ সব পর্যটনকেন্দ্রকে পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নত করার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে কমিটির বৈঠকে সেন্টমার্টিন দ্বীপের পাশাপাশি সোনাদিয়া ও মহেশখালী দ্বীপকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সুপারিশও করা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন। বৈঠকে বিমানের সব টিকিট যাতে বিক্রি হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করে কমিটি। ওশান ক্রুজিং বাংলাদেশের পর্যটন উন্নয়নে একটি নবতর সংযোজন উল্লেখ করে বৈঠকে বলা হয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসরকারি খাতের একটি ট্যুর অপারেটরের প্রচেষ্টায় আমেরিকাভিত্তিক ওশান ক্রুজ ‘সিলভার ডিসকভারার’ ২০১৭ সালে দুবার এবং ২০১৯ সালে তিনবার পর্যটকসহ বাংলাদেশে ভ্রমণ করে।