আগুনে অঙ্গার হলো শিশু

আগুনে পুড়ে অঙ্গার হলো চার মাসের শিশুটি। ঘুম পাড়িয়ে বাড়ির সবাই বাইরে গেলে কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে ঘরে। শিশুটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এর পর পুড়ে যায় তিনটি ঘর। বাড়ির সব কিছু পুড়ে নি:স্ব হয় পরিবারটি। এ মর্মান্তিক ঘটনা ঘটে গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গাজীরহাট কাদিরহাট  গ্রামের আখতার হোসেনের বাড়িতে।
আখতার হোসেন জানান, দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে কাজে যান তার মা মিলি আখতার। ওই সময় বাড়িতে কেউ ছিল না। বাবা (আখতারের পিতা) বাড়িতে এসে দেখেন ঘরে আগুন লেগেছে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের মালামালসহ শিশুটি পুড়ে অঙ্গার হয়। নন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান জমিরুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত জানা যায়নি। অগ্নিকান্ডে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নষ্ট হয়েছে বলে জানান তিনি। তাদের উপজেলা পরিষদ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান শিশু পুড়ে মারা যাওয়ার খবর জানতে পেরেছেন।