সিলেট নগরীর কানিশাইল এলাকার একটি কলোনিতে পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় শ্বশুর আজিজুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সিলেট কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজিজুর রহমান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইনাতখানি গ্রামের মৃত বরকত উল্লাহর ছেলে।
কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, ধর্ষিত পুত্রবধূ বাদি হয়ে এই মামলা করেছেন। ভিকটিম বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মামলার এজাহারে পুত্রবধূ উল্লেখ করেছেন, গত শনিবার রাতে তার স্বামী বাসায় ছিলেন না। মাঝরাতে শ্বশুর তার রুমে ঢুকে তাকে ধর্ষণ করেছেন।
ওসি আরো জানান, রবিবার দুপুরে পুলিশ কানিশাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে।