নগরীর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ। গতকাল রবিবার সকালে বন্দরবাজার ও ধোপাদীঘিরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বন্দরবাজারের মাখন মিয়া চুলাঘরকে ১০ হাজার, প্রত্যাশা চুলাঘরকে ১০ হাজার, সেবা ডেকর ওয়ার্ল্ডকে ১০ হাজার, গার্ডেন রেস্টুরেন্টকে ১০ হাজার এবং ধোপাদীঘির পাড়ের মেসার্স শহীদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নগরীতে যত্রতত্র অবৈধভাবে গড়ে উঠছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এসব ব্যবসা। এতে নগরবাসীর বিপদ বাড়ছে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই গ্যাস সিলিন্ডার ব্যবসাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হচ্ছে। এ খাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।