শুধু চাকরির অপেক্ষায় না থেকে যথার্থ জ্ঞান ও যোগ্যতা নিয়ে উদ্যোক্তা হয়ে উঠতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘জব ফেয়ার-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সমৃদ্ধ দেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমেই সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। দক্ষতা অর্জনের মধ্য দিয়ে দেশের জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে কারিগরি শিক্ষাই হতে পারে উত্তম হাতিয়ার। সরকার পলিটেকনিকের সংখ্যা বাড়ানো ও মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আরও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে।
নারী ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু চাকরিপ্রার্থী হলেই হবে না, যথার্থ জ্ঞান ও যোগ্যতা নিয়ে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য শিক্ষার এ খাতে নারীদের বিদ্যমান কোটা ২০ শতাংশে উন্নীত করা হয়েছে।’
দীপু মনি বলেন, জব ফেয়ার আয়োজনের ফলে চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হয় যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।